ফলো অনে পড়ে লড়ছে চট্টগ্রাম

g স্পোর্টস রিপোর্টার

সাদমান ইসলাম ডাবল সেঞ্চুরি করতে পারেননি। ১৭৮ রানে থেমেছেন ঢাকা মেট্রোর এই ওপেনার। তাই সম্ভাবনা জাগালেও ঢাকা মেট্রোর প্রথম ইনিংসের স্কোরটা বড়ো হয়নি। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪০৩ রানে। গতকাল ৪৬ রান যোগ করতেই শেষ ছয় উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো। তারপরও দ্বিতীয় দিন শেষে ম্যাচে চালকের আসনেই আছে দলটি।

কারণ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে গতকাল দিন শেষে ৩ উইকেটে ৯৬ রান তুলেছে স্বাগতিকরা। পিনাক ঘোষ ৫৫, তাসামুল হক ১৪ রানে ব্যাট করছেন। ২১৬ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো।

সাগরিকায় গতকাল তাসকিন আহমেদ, শরীফউল্লাহই চট্টগ্রামের প্রথম ইনিংস দ্রুত গুটিয়ে দিয়েছেন। অফস্পিনার শরীফউল্লাহ ৪টি, তাসকিন ৩টি, আসিফ হাসান ২টি উইকেট নেন। চট্টগ্রামের সাদিকুর ২২, নাঈম হাসান ১২, পিনাক ঘোষ ১২, ইরফান শুক্কুর ১০ রান করেন। তারা ছাড়া কেউ দুই অঙ্কের ঘরই স্পর্শ করতে পারেননি।

কক্সবাজারে বরিশালের বিপক্ষে গতকাল সিলেটের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২২ রানে। শানাজ ৭৩, জাকির হাসান ৫৩, জাকের আলী ৩৫ রান করেন। পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১২ রান তুলেছে বরিশাল। ফজলে মাহমুদ ৭, আশরাফুল ২ রানে ব্যাট করছেন। এখনো ১৪৮ রানে পিছিয়ে বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মেট্রো-চট্টগ্রাম বিভাগ

ঢাকা মেট্রো : ১০৮.৪ ওভারে ৪০৩ (সাদমান ১৭৮, শহীদুল ১৪; হাসান মাহমুদ ৩/৭২, ইরফান হোসেন ২/৬৬, আফ্রিদি ২/৭০, নাঈম হাসান ২/১১১, মেহেদী হাসান রানা ১/৫৯)

চট্টগ্রাম : ৩০.৫ ওভারে ৯১ (সাদিকুর ২২, পিনাক ঘোষ ১২, নাঈম হাসান ১২, ইরফান শুক্কুর ১০; শরীফউল্লাহ ৪/৩০, তাসকিন ৩/৩৪, আসিফ হাসান ২/৭, শহীদুল ১/১৫)

ও ফলো অন ৩৪ ওভারে ৩/৯৬ (পিনাক ঘোষ ৫৫*, তাসামুল হক ১৪*, সাদিকুর ১১, মাহিদুল ইসলাম অঙ্কন ১০)

বরিশাল-সিলেট বিভাগ

বরিশাল : ১৬২ ও ৬ ওভারে ১২/১ (ফজলে মাহমুদ ৭*, আশরাফুল ২*; আবু জায়েদ রাহী ১/৭)

সিলেট : ১১৩.১ ওভারে ৩২২ (শানাজ ৭৩, এনামুল জুনিয়র ১৬, তৌফিক খান ২০, জাকির হাসান ৫৩, অলক কাপালি ২৯, জাকের আলী ৩৫, নাসুম আহমেদ ১৬; মনির হোসেন ৩/৬৯, রাফসান ১/৬, কামরুল ইসলাম রাব্বি ১/৪৬, তানভির ১/৪১, সোহাগ গাজী ১/৫৬, আশরাফুল ১/৫৩, নুরুজ্জামান ১/১৯)