যশোর অফিস
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুই মাসব্যাপী বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রশিক্ষণ শিবির। শনিবার বিকালে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে প্রশিক্ষণ শিবির উদ্বোধন করেন সংসদ সদস্য ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে দেশের ১৯ জেলার ৮৩ বালিকা অংশ নিচ্ছে।
ফিফা কাউন্সিলের সদস্য মাহফুজা আক্তার কিরণ জানান, ৪১ জেলায় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে ১৯ জেলার ৮৩ জন অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবলার বাছাই করা হয়েছে। তাদের দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে এদের মধ্য থেকে ২৫-৩০ জনকে বাছাই করা হবে। বাছাই করার পর তাদের জাতীয় ক্যাম্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়াও ডিসেম্বর মাসে শুরু হবে ওমেন্স ক্লাব লীগ।