পেট্রাপোলে ইন্টারনেট সার্ভারে সমস্যা

বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ

বেনাপোল (যশোর) সংবাদদাতা

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারের প্রিন্টার কাজ না করায়  বেনাপোল বন্দর দিয়ে রবিবার সকাল থেকেই সকল প্রকার আমদানি বন্ধ রয়েছে। রপ্তানি হচ্ছে আংশিক। সকালের দিকে কাস্টম হাউজের চেষ্টায় ৩৫ গাড়ি রপ্তানি পণ্য ভারতে রপ্তানি হয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রীদের  যাতায়াত রয়েছে স্বাভাবিক।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ইতিপূর্বে পেট্রাপোল বন্দরে হাতে-কলমে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতো। বর্তমানে বন্দর অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় অনলাইনে। সকাল থেকে পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ বিকল হয়ে পড়ায় পণ্য খালাস ও আমদানি-রপ্তানির কাজ বন্ধ হয়ে যায়। ফলে দুই দেশের সীমান্তে আটকা পড়ছে পণ্য বোঝাই বহু ট্রাক।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরি জানান, কাস্টমসের তত্পরতায় রবিবার সকাল থেকে ৩৫ ট্রাক পণ্য ভারতে রপ্তানি করা সম্ভব হয়েছে। পেট্রাপোলের সমস্যা সমাধানে ভারতীয় কাস্টমস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন খান জানান, এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় ১ হাজারের অধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানায় ব্যবহূত কাঁচামাল, খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক ও  মাছ।