ইত্তেফাক ডেস্ক
শ্রদ্ধা ও ভালোবাসায় রবিবার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জেল হত্যা দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
রাজশাহী: শহিদ জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামান হেনার রাজশাহীর কাদিরগঞ্জ পারিবারিক কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে রাজশাহী জেলা আওয়ামী লীগের একাংশ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, ওমর ফারুক চৌধুরী এমপির নেতৃত্বে রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরেক অংশের নেতৃবৃন্দ। এরপর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও শহিদ কামারুজ্জামান হেনার ছেলে এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বরিশাল: নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় রবিবার সকাল ৯টায় বরিশাল নগরীর সোহেল চত্ত্বরস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংলগ্ন অস্থায়ী বেদিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসসহ আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, হিজলা, বানারীপাড়া, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকর্যালি, স্মরণসভাসহ ব্যাপক কর্মসূচি পালিত হয়।
ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কলেজ রোডে বাসভবনের সামনে শহিদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা পরিষদ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
কিশোরগঞ্জ: মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা হয়েছে। জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতনের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে জাতীয় চার নেতার ওপর আলোচনা করেন সংরক্ষিত আসনের সাবেক এমপি দিলারা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ।
নীলফামারী: জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় চৌরঙ্গী মোড় থেকে শোকর্যালি শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বর গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
নাটোর: শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বাগেরহাট: জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে রেলরোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ু্লর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় প্রমুখ।
লালমনিরহাট: জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে কালোব্যাচ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ: জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ভাস্কর্য্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লফিব বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন এমপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনের নেতৃৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বরূপকাঠি (পিরোজপুর): উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ প্রমুখ।
সিলেট : কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের পক্ষেও উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ :জেলা যুবলীগের আয়োজনে পৌর শহরের রমিজ বিপণির আওয়ামী লীগের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সিদস্য সবুজ কান্তি দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার প্রমুখ।
এছাড়া বরিশালের আগৈলঝাড়া ও মুলাদী, কুষ্টিয়ার দৌলতপুর, কুড়িগ্রামের ফুলবাড়ী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, টাঙ্গাইলের মির্জাপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর, শেরপুরের ঝিনাইগাতী, নওগাঁর নিয়ামতপুর ও সাতক্ষীরার তালা উপজেলাসহ সারাদেশে নানা কর্মসূচিতে শোকাবহ এ দিনটি পালিত হয়েছে।