ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্টে কলেজ ছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
জয়পুরহাট : বৈদ্যুতিক সুইচবোর্ডে কাজ করার সময় শনিবার সন্ধ্যায় জয়পুরহাট সদরের সাহাপুর গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শাকিল হোসেন নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : উপজেলার হিরণ গ্রামে রবিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে মুন্সী আমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মুন্সী আমিনুল ইসলাম ঐ গ্রামের মুন্সী আইয়ুব আলীর ছেলে। আমিনুল ঢাকায় লেপতোষকের ব্যবসা করতেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া (বরিশাল) : গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লায় শনিবার রাতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নাজমুল সিকদারের মৃত্যু হয়েছে। পুলিশ নাজমুলের লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, কাসেমাবাদ মহল্লার কৃষক আজাহার বেপারী তার ধানখেতে বিদ্যুতের লাইন দিয়ে ইঁঁদুর মারার ফাঁদ পাতেন। নাজমুল সিকদার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি যাওয়ার সময় ঐ তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।