যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রবিবার সকালে মো. সুমন নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খড়িয়ালা গ্রামের আব্দুল খালেক মিয়ার চাতালকল মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন মিয়া খড়িয়ালা মদন পাড়ার ইউসুফ মিয়ার ছেলে। তার বুকে ও পিঠে একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ আলম বলেন, তদন্ত করে দ্রুত এর রহস্য উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।