রাবি সংবাদদাতা
‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আন্দোলন করা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক একরাম উল্যাহর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আন্দোলনে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগে তার বিরুদ্ধে এ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৪৯৪তম সিন্ডিকেট সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাবিবুর রহমান।
তিনি বলেন, গত ০৯ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধনে বহিরাগত ছেলেদের নিয়ে আসার অভিযোগ ওঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে লিখিত জবাব দেয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক একরাম উল্যাহ। লিখিত জবাবে প্রশাসন সন্তুষ্ট না হওয়ায় সিন্ডিকেট সদস্য রুস্তম উদ্দীন আহমেদকে আহ্বায়ক করে তার বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
তবে এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক একরাম উল্যাহ বলেন, আমি তদন্ত কমিটি থেকে কোনো নোটিশ পাইনি। নোটিশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।