ইত্তেফাক রিপোর্ট
বাসা থেকে বেরিয়ে নিখোঁজের ১১ দিন পর রেজাউল করিম জনি (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ মিলল রাজধানীর খিলক্ষেতের একটি বিলে। গত শনিবার রাতে বিল থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। পরিবারের সদস্যরা বলছেন, রেজাউল মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ জানিয়েছে, রেজাউলের বাসা দক্ষিণখানের হলান এলাকায়। গত ২২ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার রাতে খিলক্ষেতের জামুন বড়ুয়া নামের বিলের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত হিসেবে রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে। পরে তার পরিচয় পাওয়া যায়।
খিলক্ষেত থানার এসআই আবু হানিফ মিলন বলেন, রেজাউল মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। রেজাউল পানি দেখলেই নেমে পড়তেন। পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তিনি। গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।