মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দুর্নীতিমুক্ত দেশ গড়া, বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থাকা, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি এবং শহিদদের কবরে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে গতকাল রবিবার ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহিদ চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামানকে স্মরণ করেছে কৃতজ্ঞ বাঙালি জাতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৭টায় প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় চার নেতার অন্যতম শহিদ এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বনানী কবরস্থানে জাতীয় তিন নেতা শহিদ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। বনানী কবরস্থানে পবিত্র ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের কাছে তার বাবাসহ জাতীয় চার নেতার স্মৃতিচারণা করেন।
১৯৭৫ সালের এই দিনে সূর্যোদয়ের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।
এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।