নারায়ণগঞ্জে চারতলা ভবন ধস

 

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় চারতলা ভবন ধসে পড়েছে। গতকাল রবিবার বিকাল সোয়া ৪টায় মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামে ভবনটি পাশের খালের ওপর ধসে পড়ে। এই সময় শোয়েব (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়। সাত জনকে আহত অবস্থায় ভবনের ভেতর থেকে        উদ্ধার করা হয়েছে। এখনো দুই জন ভবনের ভেতরে আটকে আছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম উদ্ধারে কাজ করছে। তাত্ক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ওয়াজিদ (১২) নামে এক শিশু ভবনের ভেতর আটকে আছে বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত হয়। ঘটনার খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনও ঘটনাস্থলে যান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, তাদের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।