রোহিঙ্গা সংকট নিরসনে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে :জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। দেশটি মনে করে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এই অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মঙ্গলজনক হবে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে এস জয়শঙ্কর এ কথা জানান। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে জানান, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত (রোহিঙ্গা উল্লেখ করা হয়নি) মানুষদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসন হলে সংশ্লিষ্ট সবার জন্য ভালো হবে। এই অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে তা জরুরি। প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জয়শঙ্কর আরো বলেন, এই সংকট সমাধানে বাংলাদেশের উদ্যোগে সহায়তা করবে ভারত।