g ইত্তেফাক রিপোর্ট
সাভার-আশুলিয়ায় পৃথক স্থান থেকে গতকাল রবিবার এক নবজাতকসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পৌর এলাকার নামাগেন্ডা তারা মসজিদ সংলগ্ন বাদশা মিয়ার পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় শহিদুল ইসলাম খাজা (৪০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। একই সময় আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে একটি নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার রাস্তা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা লাশটি বাড়ি নিয়ে যায়।
নিহত শহিদুল ইসলাম দিনাজপুরের রাণীগঞ্জ এলাকার বাসিন্দা। সে সাভারের গেন্ডা এলাকার মুক্তিযোদ্ধা শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন বলে জানা গেছে। তবে মরদেহটি উদ্ধারের সময় প্যান্টের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। যেখানে নাম-মিলন হোসেন, পিতা-হামেশ, ঠিকানা-নয়াবাড়ি, সাভার লেখা রয়েছে। এছাড়া লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহত শহীদুল ইসলাম গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।