সুনামগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বামীকে খুন!

g সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে মুক্তিযোদ্ধা স্বামীকে খুন করলেন স্ত্রী। এ ঘটনায় পুলিশ স্ত্রী আছিয়া বেগমকে আটক করেছে। গতকাল রবিবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুরে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে শাবল দিয়ে আঘাত করে খুন করেন স্ত্রী আছিয়া বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা কালা শাহের সঙ্গে মুক্তিযোদ্ধা আবদুল বারিকের মামলা নিয়ে বিরোধ ছিল। সেই মামলার বিরোধের জেরে গতকাল সকালে আছিয়া তার স্বামী আবদুল বারিককে শাবল দিয়ে আঘাত করে খুন করেন। এসময় আশপাশের কয়েক জন ঘটনাটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আছিয়া বেগমকে আটক করে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই আবদুল বারিক ও কালা শাহের মধ্যে একটি হত্যা মামলা নিয়ে বিরোধ চলছিল। কালা শাহ ছিলেন বাদীপক্ষের এবং মুক্তিযোদ্ধা আবদুল বারিক বিবাদীপক্ষের। তাই সাধারণভাবে ধারণা করা হচ্ছে—বাদীপক্ষকে ফাঁসাতেই স্বামীকে খুন করেন আছিয়া।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।