g ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এদিকে শেরপুরে বাসের জানালার বাইরে হাত বের করে রাখায় ট্রাকের ঘষায় মাকসুদা বেগম নামে এক পোশাক কর্মীর ডান হাত বিছিন্ন হয়েছে। গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে মিজানুর রহমান নামে এক জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। গতকাল উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা চট্টগ্রাম-ফেনী পুরাতন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার বাসিন্দা।
দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নজরুল ইসলাম ভূইয়া (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি স্বল্প পেন্নাই গ্রামের বাসিন্দা।
বরিশাল : নগরীর ১ নং সিঅ্যান্ডবি পোল এলাকায় অটোরিকশা থেকে নেমে গন্তব্যে যাওয়ার সময় ট্রাকচাপায় নূরজাহান (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নূরজাহান উজিরপুর উপজেলার বজলু খানের স্ত্রী।
মাগুরা : শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর নামক স্থানে বাসচাপায় গতকাল তরিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শ্রীপুর উপজেলার দ্বারিয়পুর গ্রামের।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) : চান্দিনায় মাইক্রোবাসের চাপায় আব্দুস ছাত্তার (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছাত্তার কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় গ্যাসলাইন নির্মাণের শ্রমিক ছিলেন।
ষ্টাফ রিপোর্টার, বগুড়া : শেরপুরে বাসের জানালা দিয়ে হাত বের করে রাখায় ট্রাকের ঘষায় ডান হাত বিচ্ছিন্ন হয়েছে বাসযাত্রী মাকসুদা বেগম (৩৫) নামে গার্মেন্টস কর্মীর। গতকাল বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার রাজাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাকসুদা বেগম বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের এমদাদুল হকের স্ত্রী।