g মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে ১৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের অধিকাংশই বাল্যবিবাহের শিকার বলে অভিযোগ পাওয়া গেছে। এ বছর উপজেলায় ৫৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৪টি দাখিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী রয়েছে ৬ হাজার ৭৫০ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মির্জাপুরের বিভিন্ন কেন্দ্রে শনিবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে উপস্থিত ছিল ৬ হাজার ৬৫০ জন। অনুপস্থিত ১০০ জন। জেডিসি পরীক্ষায় মির্জাপুর আফাজ উদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৮১ জন। উপস্থিত ছিল ৪৫৫ জন। অনুপস্থিত ২৬ জন। ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী রয়েছে ৪২০ জন। প্রথম দিনে উপস্থিত ছিল ৩৯৮ জন। অনুপস্থিত ২২ জন। সব মিলিয়ে মোট অনুপস্থিত ছিল ১৫০ জন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, যেসব পরীক্ষার্থী অনুপস্থিত তারা বেশির ভাগই ছাত্রী। পারিবারিক সমস্যাসহ বিভিন্ন কারণে এসব পরীক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়েছে। ফলে তারা আর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে অভিভাবকরা জানিয়েছেন।