শিকলে বাঁধা সেই শিশুসহ মায়ের আশ্রয় হলো গাজীপুর সেফহোমে

g স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাটে শিকল দিয়ে বেঁধে রাখা সেই শিশু ও তার মাকে উদ্ধার করে পাঠানো হয়েছে গাজীপুরের নিরাপদ আশ্রয়কেন্দ্রে (সেফহোম)। বৃহস্পতিবার দুপুরে লঞ্চ টার্মিনালের জেটি থেকে ঐ শিশুকে উদ্ধার করা হয়। পরে গাজীপুরের নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখার আবেদন করে বিকালে আদালতে পাঠানো হয়। এর আগে গত বুধবার লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে দেখা যায়, একটি ছেলেকে তার মা শিকল দিয়ে বেঁধে কাজে চলে গেছেন। সেখানে অস্থায়ী কয়েক জন দোকানি জানান, মূলত ছেলে যেন হারিয়ে না যায় বা কোথাও না যায় সে জন্যই মা এ কাজ করেন।

দুজনকে উদ্ধার করার পর সেই মায়ের সঙ্গে কথা হয়। তিনি নিজের নাম শ্রীদেবী বলে দাবি করেন এবং সন্তানটি তার বলেও জানান। যদিও তার বাবা কে সেটি তিনি জানাতে পারেননি। মহিলার কথাবার্তা কিছুটা অসংলগ্ন বলে মনে হয়। নিজের সন্তানটি ‘মেয়ে’ বলে জানিয়ে একেক সময় তার একেক নাম বলেন তিনি। নিজে মাজারে ঘোরেন ও এদিক সেদিক কাজ করে টাকা কামান আর সেই কাজে যাবার সময় সন্তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন বলেন জানান শ্রীদেবী। তিনি বলেন, ‘মাইনসেইতো আমারে কয় বাইন্দা থুইতে, যেইলেইগা আমার ছাও আরাইবো না। আমিতো এই শিহল কিন্না হেরপরে বাইন্দা থুইয়া কামে যাই। আমি মাজারে থাহি, খাই। হেতির বাফের (বাবার) নাম কমুনা।’ স্থানীয় দোকানদার মোশারফ হোসেন বলেন, ‘কয়েক দিন ধরে শিশুটিকে সকাল বেলা টার্মিনালের লোহার পিলারের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখে তার মা কোথায় যেন চলে যায়। রোদ কিংবা বৃষ্টি হোক শিশুটি সারাদিন এখানে বসে কিংবা ঘুমিয়ে থাকে। রাস্তায় আসা-যাওয়ার পথে লোকজন কিংবা আমরা দোকানদাররা খাবার দিলে খায়, না হলে না খেয়ে থাকে। বিকাল ৪টায় শিশুটির মা এসে শিকল খুলে  ছেলেকে নিয়ে যায়।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ‘খবর পেয়ে আমরা পুলিশ সুপারের নির্দেশে দ্রুত শিশু ও তার মাকে উদ্ধার করি। মহিলা কোনো নাম ঠিকানা বলতে না পারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে গাজীপুরের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়।’