বগুড়ায় মো. রাফি নামের এক রাজমিস্ত্রিকে স্বামী দাবি করায় এক নারীকে চুরির অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ঐ নারীর নাম শিল্পী খাতুন। এ ঘটনায় শিল্পীর ভাই বাদী হয়ে গতকাল শিবগঞ্জ থানায় রাফিসহ অজ্ঞাতনামা চার-পাঁচ জনকে আসামি করে মামলা করেন। পরে থানার পুলিশ রাফিকে গ্রেফতার করে। শুক্রবার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল রবিবার ঐ নারীকে নির্যাতনের চিত্র ফেইসবুকে ভাইরাল হলে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঠেঙ্গামারা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সুবাদে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউপির অনন্তবালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি মো. রাফির সঙ্গে প্রেমের সম্পর্ক হয় শিল্পীর।
শিল্পী অভিযোগ করে বলেন, রাফি তাকে ৮-৯ মাস আগে বিয়ে করে ঠেঙ্গামারা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ১৫-২০ দিন ধরে তার খোঁজ-খবর না নেওয়ায় তিনি শুক্রবার রাফির বাড়িতে গেলে রাফি ও তার পরিবারের লোকজন খেতের মধ্যে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করে। জমিতে কপির চারা চুরির অভিযোগ অস্বীকার করে শিল্পী বলেন, তার বিরুদ্ধে রাফি ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্র করেছে।
শিবগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে অভিযুক্ত রাফিকে গ্রেফতার করা হয়েছে।