ডেমরায় ভাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর ডেমরায় পূর্ব বক্সনগর এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহতের নাম আলী হোসেন (১৯)। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতের বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে বড় ভাই হাসানের সঙ্গে ছোট ভাই আলী হোসেনের তর্ক হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে রক্তাক্ত আলী হোসেন মাটিতে লুটিয়ে পড়লে হাসান পালিয়ে যান। পরে স্ব্বজনরা সংবাদ পেয়ে আলী হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা  করেন। পুলিশ আরো জানিয়েছে, হাসান মাদকাসক্ত। নারী ঘটিত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ছুরিকাঘাতের পরই হাসান পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হাসানের বন্ধু আলামিন জানান, কিছু দিন আগে আলী হোসেনের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক হয়। মেয়েটির বোন বিষয়টি হাসানকে জানান । এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে বড় ভাই হাসান আলী হোসেনকে ছুরিকাঘাত করে।