পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দেশে ফেরার ব্যাপারে সহায়তা করা হবে। একই সঙ্গে তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে। গতকাল রবিবার প্রতিমন্ত্রী তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম বলেন, নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’ এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা। আমি আমাদের নিউইয়র্কস্থ কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।
তিনি আরো বলেন, সাদেক হোসেন খোকা এবং তার স্ত্রীর নামে মামলা আছে, গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই)। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে। উল্লেখ্য, অসুস্থ সাদেক হোসেন খোকার স্বাস্থ্যের অবস্থা গত সোমবার থেকে অনেকটা অবনতি হয়েছে। তিনি নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে অনেক দিন ধরে চিকিত্সা নিচ্ছেন।