বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নাগরিকদের জীবনমান উন্নয়নে স্থপতিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশ্বায়নের এ যুগে নগরের ওপর চাপ বাড়ছে। দ্রুত পরিবর্তনশীল নাগরিক জীবনে পরিবেশ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থপতিদের উদ্ভাবনী সক্ষমতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসময় তিনি পরিবেশবান্ধব নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের আয়োজনে স্থপতিদের পাঁচ দিনব্যাপী মিলনমেলা ‘আর্কএশিয়া ২০ ফোরাম’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘আর্কিটেকচার ইন এ চেঞ্জিং ল্যান্ডস্কেপ’। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও আর্কএশিয়ার প্রেসিডেন্ট সিঙ্গাপুরের স্থপতি রিতা সো। আর্কএশিয়া বা আর্কিটেক্ট রিজিওনাল কাউন্সিল এশিয়া এশিয়ার ২১টি দেশের স্থপতিদের শীর্ষ সংগঠন। এশিয়ার ২১টি দেশের দুই শতাধিক প্রতিনিধি ছাড়াও প্রায় দেড় হাজার স্থপতি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল আয়োজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এর বাইরে মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিল, জিন্দা পার্ক এবং সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরে সম্মেলনের বিভিন্ন আয়োজন থাকছে। সম্মেলন চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।