বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোর সম্পাদক, প্রকাশকসহ পাঁচ জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে ঐ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। যদি ঐ সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দেয়া হয় তাহলে হাইকোর্টে রিট করা হবে।
রবিবার ডাকযোগে তথ্য সচিব, শিক্ষা সচিব, জ্বালানি সচিব, প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ও কিশোর আলোর সম্পাদককে এই নোটিশ পাঠানো হয়। ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ছাত্র ওবায়েদ আহমেদের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফয়েজ উল্লাহ (ফয়েজ)।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলছিল। ঐ অনুষ্ঠানে এসে রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই নাইমুলের মৃত্যু হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নাইমুল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে ফাস্ট এইড দেয়া হয়। অনুষ্ঠানস্থলের কাছাকাছি দুটি সরকারি হাসপাতাল থাকার পরেও আয়োজক কর্তৃপক্ষ তাকে সেখানে নেয়নি। পরে তাকে নেয়া হয়েছে ইউনিভার্সাল হাসপাতালে। যার কারণে প্রয়োজনীয় চিকিত্সাসেবা পেতে দেরি হওয়ার কারণে তার মৃত্যু হতে পারে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়ার আগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি