চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযানে

চুয়াডাঙ্গায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে তিন দালালকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় অবস্থিত বিআরটিএ অফিসে এ অভিযান করে দুদক। দুদকের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী। 

দণ্ডিতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার এসএম আসাবুল হকের ছেলে মো. ইমরান (২৯), কেদারগঞ্জের মুত ইসলাম উদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩) এবং সাদেক আলী মল্লিকপাড়ার মৃত সাবদার হোসেনের ছেলে আশরাফুজ্জামান বকুল (৪৯)। দণ্ডপ্রাপ্তদের সদর থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কুষ্টিয়া দুর্নীতি দমন সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া হোসেন জানান, বিআরটিএ অফিসে সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে সুবিধা দেওয়া হয়, এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে তিনজন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের রেকর্ডপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/জেডএইচডি