ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে দেড় টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জয়পাড়া বাজারের পাঁচটি দোকান ও একটি গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে তা জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের অপরাধে বাজারের ব্যবসায়ী মোকছেদ আলী, মো. আলমগীর, গৌর কুন্ডু, আব্দুল জলিল, মদন মোহন বণিক ও মো. মিরাজ কে ভ্রাম্যমান আদালতে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ বলেন, 'নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে এবং এ অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত পলিথিন জব্দ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।'
ইত্তেফাক/জেডএইচডি