শিবচরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আট জন আহত হয়েছে। রবিবার রাত ১টা ২০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের পাঁচচর রয়েল হাসপাতালের সামনে খুলনা থেকে আসা বাসের সঙ্গে রাস্তায় পার্ক করা ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শেখ হুমায়ুন কবির (৩০) নামে এক যাত্রী মারা যান। আরেক যাত্রী সোহেল শেখ (২৮) নামে ফরিদপুর নেওয়ার পথে মারা যান।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রবিবার রাত ১টা ২০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের পাঁচচর রয়েল হাসপাতালের সামনে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সঙ্গে রাস্তায় পার্ক করা ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে শেখ হুমায়ুন কবির নামে এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আরেক যাত্রী সোহেল শেখ ফরিদপুরে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টুঙ্গীপাড়া এক্সপ্রেসের হেল্পারের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. অহিদুজ্জামান বলেন, 'রাত ১টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর শুনে আমি ও  এসআই গোলাম মোস্তফাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। শেখ হুমায়ুন কবির নামে এক যাত্রী ঘটনাস্থলে ও ফরিদপুর নেওয়ার পথে সোহেল শেখ নামে আরেক যাত্রী মারা যান। দুর্ঘটনা কবলিত টুঙ্গীপাড়া এক্সপ্রেস ও ড্রাম ট্রাক হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।' 

ইত্তেফাক/জেডএইচডি