এভারেস্টজয়ী সজল খালেদ স্মরণে আজিজের তৃতীয় একক ম্যারাথন

এভারেস্টজয়ী প্রয়াত সজল খালেদ স্মরণে তৃতীয়বাবের মতো একক ম্যারাথন করেছেন তারই বন্ধু গাজী মুনছুর আজিজ। কক্সবাজারের মেরিন ড্রাইভে গত ২৯ অক্টোবর এ ম্যারাথন করেন। ভোর ৬টা ৭ মিনিটে লাবণী সৈকত পয়েন্ট থেকে ম্যারাথন শুরু করেন। ইনানি সেতুর কাছ থেকে আবার লাবণী পয়েন্ট এসে বিকাল ৪টা ২১ মিনিটে সম্পন্ন করেন ম্যারাথনের ৪২.১৯৫ কিলোমিটার পথ। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও এ পথে একক ম্যারাথন করেছেন গাজী মুনছুর আজিজ।

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত আর মেরিন ড্রাইভের সৌন্দর্য সত্যিই দারুণ! এ সৌন্দর্যের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ও পর্যটকদের আকর্ষণ করতে সজল খালেদ বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের ব্যানারে এ পথে ২০০৮ সালে প্রথমবার ‘বাংলা ম্যারাথন’ প্রতিযোগিতা করেন। সেই লক্ষ্যে ২০০৯ ও ২০১০ সালেও তার উদ্যোগে ও এক্সট্রিমিস্টের আয়োজনে এ পথে ম্যারাথন হয়। তিনবারের ম্যারাথনেই গাজী মুনছুর আজিজ অংশ নেন ও সফলভাবে সম্পন্ন করেন। ২০১৩ সালে এভারেস্ট জয় করে সজল খালেদ এভারেস্টের কোলেই থেকে যান অনন্তকালের জন্য। এরপর আর মেরিন ড্রাইভে বাংলা ম্যারাথন হয়নি।