বার্সাকে শেষ ষোলোর হাতছানি

উয়েফা

চ্যামিপয়ন্স লিগ

ন্যাপোলি                           সালজবার্গ

লিভারপুল                          গেঙ্ক

বার্সেলোনা                         স্লাভিয়া প্রাগ

বরুসিয়া ডর্টমুন্ড                   ইন্টারমিলান

জেনিথ সেইন্ট পিটার্সবার্গ      লিপজিগ

লিওঁ                                  বেনফিকা

চেলসি                               আয়াক্স

ভ্যালেন্সিয়া                        লিল

বার্সেলোনা শেষ তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্রয়ের পর আজ নিজেদের মাঠে স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে জিতে শীর্ষস্থান আরো সুসংহত করতে প্রয়াসী হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের অন্য দুই দল ইন্টারমিলান ও বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে আজ রাতে জার্মানিতে মুখোমুখি হবে।

শিরোপাধারী লিভারপুল আতিথ্য দেবে গেঙ্ককে। তাদেরই ইংলিশ প্রতিবেশী চেলসি আজ ‘এইচ’ গ্রুপের শীর্ষে থাকার লড়াইয়ে নামবে আয়াক্সের বিপক্ষে।

এক সপ্তাহ আগে স্লাভিয়ার মাঠ থেকে ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে স্পেনে ফেরার পর বার্সেলোনা ৫-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল ভায়াদোলিদকে। এরপর অবশ্য লেভান্তের মাঠে এগিয়ে গিয়েও হারের বিস্বাদ নিতে হয়েছিল আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের।

দলটির পড়তি ‘অ্যাওয়ে’ ফরম কোচের কপালে চিন্তার ভাঁজ ফেললেও আজ রাতে সেটা একপাশে রাখলেও ক্ষতি নেই। ক্যাম্প ন্যুতে চলতি মৌসুমে যে একটা ম্যাচেও হারেননি লিওনেল মেসিরা! চ্যাম্পিয়ন্স লিগেও শেষ পাঁচ বছরে নিজেদের মাঠে কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। তাই আজকের ম্যাচে স্লাভিয়ার বিপক্ষে বেশ নিশ্চিন্ত হয়েই মাঠে নামার কথা লিওনেল মেসিদের।

গ্রুপের অন্য দুই দল ইন্টার আর বরুসিয়ার সংগ্রহ সমান চার পয়েন্ট। আজ রাতের ম্যাচে জয় যে কোনো একটি দলকে গ্রুপের দ্বিতীয় স্থানে আরেকটু জাঁকিয়ে বসার সুযোগ দেবে। বরুসিয়ার মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লিভারপুলও চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে বাজে ফরমের মধ্য দিয়ে যাচ্ছিল। নিজেদের প্রথম ম্যাচে ন্যাপোলির কাছে হেরেছিল দলটি। তবে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গেঙ্কের বিপক্ষে জয় নিয়ে যে ‘অ্যাওয়ে-জুজু’ কাটিয়েছিল ক্লপের শিষ্যরা। সেই গেঙ্কের বিপক্ষেই আজ নিজেদের মাঠে যখন খেলবেন মোহামেদ সালাহরা, ৪-১ গোলের সে জয় কিংবা তার চেয়েও ভালো কিছু করারই চেষ্টা থাকবে নিশ্চিত। গ্রুপের অন্য ম্যাচে সালজবার্গ ন্যাপোলির আতিথ্য নেবে।

প্রিমিয়ার লিগের আরেক দল চেলসি আগের ম্যাচে আয়াক্সের মাঠ থেকে ১-০ গোলের দারুণ জয় নিয়ে ফিরেছিল। আজ নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আবারও আয়াক্সের মুখোমুখি হচ্ছে দলটি। নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ ব্যবধানে হারার পরে চেলসি দুটি ম্যাচেই জিতেছে। আজ জিতলে ‘এইচ’ গ্রুপে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার হাতছানিও আছে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলের সামনে। গ্রুপের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া খেলবে লিলের বিপক্ষে।

আজ মঙ্গলবার ‘জি’ গ্রুপের ম্যাচে লিওঁ বেনফিকাকে আতিথ্য দেবে। আর লিপজিগ খেলবে জেনিথের মাঠে।