বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারত ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা, সফল ও প্রভাবশালী দল। ভারতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের স্মতিময় বহু ঘটনা জড়িয়ে আছে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম টেস্ট ম্যাচটিও ছিল ভারতের সঙ্গেই। ২০০৪ সালে ব্যাটে-বলে মাশরাফি নৈপুণ্যে ভারতকে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে হারিয়ে জয় তুলে নেওয়ার পর ওয়ানডেতে ২০০৭ সালের বিশ্বকাপসহ একাধিকবার হারানো এবং ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় করা সম্ভব হলেও টেস্টে এখনো হারানো যায়নি ভারতকে, সেইসঙ্গে টি২০ ফরম্যাটে ২০০৯ সাল থেকে ভারতের মুখোমুখি হয়ে এশিয়া কাপ ও নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের সঙ্গে তীরে এসে তরি ডুবলেও এবার আর ভুল করেনি বাংলাদেশ। সাকিব-তামিম-সাব্বির-সাইফুদ্দিনকে ছাড়াই প্রথমবারের মতো ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েই বাজিমাত করেছে টাইগাররা। নবম টি২০ ম্যাচে এসে প্রথমবারের মতো হারানো সম্ভব হয়েছে বাংলাদেশকে, এবার আর ভীতি নয়, চাপ নয়। মুশফিকের বিরোচিত ব্যাটিংয়ে ৭ উইকেটের বড়ো জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ভারতের সঙ্গে প্রথম টি২০ জয় ছাড়াও ভারতের মাটিতে ভারতকে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো হারানোর রেকর্ডও এটি। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন আমিনুল-শফিউল-মুশফিক-সৌম্য-রিয়াদ।
জুবায়ের আহমেদ, বাকলিয়া, চট্টগ্রাম