যমুনেশ্বরী নদীর ব্রিজ ঝুঁকিপূর্ণ

সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা

নীলফামারীর কিশোরগঞ্জে যমুনেশ্বরী নদীর ওপর বড়পুল সেতুটির সংস্কার করা হচ্ছে না দীর্ঘদিন ধরে। বিকল্প কোনো সড়ক না থাকায় এর ওপর দিয়েই চলাচল করছে মানুষ। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, ১৯৫৪-৫৫ সালে নীলফামারী থেকে কিশোরগঞ্জ হয়ে যাতায়াতের জন্য ব্রিজটি নির্মাণ করা হয়। এটি নির্মাণের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংস্কার না করার কারণে ব্রিজের বিভিন্ন জায়গায় লোহার রড বেরিয়ে গেছে। কোনো কোনো জায়গায় ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে ১৯৮৮ সালের বন্যার সময় এবং গত ২০১২ সালে অতিরিক্ত বৃষ্টির কারণে ব্রিজটির দক্ষিণ দিকের কোণা ধসে যায়। পরে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ সেটা মেরামত করে দেয়।

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের প্রবীণ ব্যক্তি এনামুল হক, আজগর আলী, বাহাগিলি ইউনিয়নের  তোফাজ্জল হোসেন, আলম হোসেন সকলেই বলেন, পাকিস্তান আমলে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ব্রীজটি সংস্কার না করার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, উপজেলা শহরের একমাত্র ব্রিজ এটি। ব্রিজটি অনেক পুরোনো তাই যে কোনো সময় বড়ো ধরনের সমস্যা হতে পারে। বড়ো কোনো সমস্যা হলে নীলফামারী ও রংপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ব্রিজের বিষয়টি জেলা মিটিংয়ে অবহিত করা হবে।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, কিশোরগঞ্জ উপজেলা শহরে ব্রিজটির বিষয়ে শুনেছি। এটি অধিক ঝুঁকিপূর্ণ কি না সেটা পরিদর্শনের আগে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।