ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জায়গা দখল করে বানানো একটি মার্কেট উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার সকালে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ এই উচ্ছেদ অভিযান চালায়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া মৌজার বড়হরণ এলাকায় প্রায় ৪৮ শতক জায়গার ওপর তিন বছর আগে এই মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটে ১০৬টি দোকান করা হয়।
সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জের সহকারী কমিশনার-ভূমি ফিরোজা পারভীনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় রেলওয়ের পক্ষে সেখানে ছিলেন সহকারী স্টেট অফিসার মো. অহিদুন্নবী, কানুনগো মো. ইকবাল মাহমুদ ও সার্ভেয়ার ফারুক হোসেন। সহকারী স্টেট অফিসার মো. অহিদুন্নবী জানান, এই জায়গা দখলমুক্ত করতে এর আগে নোটিশ করা হয়েছিল। কিন্তু তারা জায়গা দখলমুক্ত করেননি। এখানকার অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দখলকারীদের এক জন বড়হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সুলতান মিয়া স্বীকার করেন, কৃষিজমির নামে ৬২ শতক জায়গা বন্দোবস্ত নিয়ে তারা সেখানে মার্কেট নির্মাণ করেন। বাণিজ্যিক লিজের জন্য আবেদন করলেও তাদের আবেদন গ্রহণ হয়নি।