জীবননগর উপজেলার বাঁকায় একটি ইটভাটায় মাটিচাপা পড়ে জিহাদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার সময় ইটভাটার মাটির স্তূপের ওপর খেলা করার সময় আকস্মিক মাটি ধসে এ দুর্ঘটনা ঘটে। এসময় শিশুটির সঙ্গী আরেফিন দ্রুত সরে যেতে পারলেও জিহাদ মাটির নিচে চাপা পড়ে। দ্রুত মাটি সরিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও জিহাদকে বাঁচানো সম্ভব হয়নি।
এএনজেএম ইটভাটার পরিচালক নাসির উদ্দিন জানান, মাটির স্তূপের ওপর খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাস থেকে ফেনসিডিলসহ তরুণ আটক
জীবননগর-চুয়াডাঙ্গা উথলী বিজিবি চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ এক তরুণকে আটক করা হয়েছে। সোমবার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি জওয়ানরা ৭২ বোতল ফেনসিডিলসহ মিনারুল ইসলামকে আটক করে। মিনারুল জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ডি-কেষ্টপুরের ইস্রাফিল হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।