জয়পুরহাটের চাঞ্চল্যকর বালু ব্যবসায়ী রেজওয়ান হত্যা মামলার ১ নম্বর আসামি সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতসহ তিন জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌফিকুল ইসলাম।
জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের বড়তাজপুর গ্রামের সালাম মুহুরির ছেলে রেজওয়ান গত ২৪ সেপ্টেম্বর বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। এ ঘটনায় নিহতের মা রোজিনা খাতুন বাদী হয়ে ১০ জনকে আসামি করে জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয় পুরানাপৈল ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত ও ছোটো ভাই মহসিন আলীকে করা হয় ২ নম্বর আসামি এবং ৩ নম্বর আসামি হচ্ছেন প্রতিবেশী আশরাফ আলী। অন্য আসামিরা এখনো পলাতক।