বগুড়ায় পাথরভর্তি ট্রাক থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার গ্রেফতার তিন

বগুড়ায় সোমবার ভোরে পাথরভর্তি ট্রাক থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম, ট্রাকচালক তাহেরুল ইসলাম রশিদ ও হেলপার সুরুজ্জামান।

পুলিশ জানায়, রবিবার বুড়িমারী সীমান্ত থেকে পাথরভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচার হওয়ার খবর পায় ডিবি পুলিশ। এরপর রাত থেকে ডিবি পুলিশের একাধিক টিম মহাসড়কে অবস্থান নেয়। সোমবার ভোরে মহাসড়কের রেলগেট এলাকা থেকে ট্রাকটি আটক করে। এরপর তল্লাশি চালিয়ে ঐ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে।