বদরগঞ্জে প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র তৈরির দায়ে যুবকের জেল

বদরগঞ্জে প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র তৈরির দায়ে মিরাজুল ইসলাম নামের এক যুবকের এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে পৌরশহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মিরাজুল উপজেলার লোহানীপাড়া ইউপির মন্ডলের হাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, মিরাজুল জেএসসি ইংরেজি পরীক্ষা চলাকালে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অটো রিকশায় বসে উত্তরপত্র তৈরি করার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে দেয়।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র তৈরির দায়ে মিরাজুলকে এক বছরের জেল দেওয়া হয়েছে।