ফরিদপুর ডাকাত দলের সদস্য ট্রাকসহ বাঘায় গ্রেফতার
বাঘা (রাজশাহী) সংবাদদাতা ফরিদপুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও আট মামলার আসামি রোকন মোল্লাকে একটি ট্রাকসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোকন মোল্লার বাড়ি পাবনার ফরিদপুরের ন্যাচরা শিববাড়ী গ্রামে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, রোকন মোল্লা ফরিদপুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার নামে আতাইকোলা, আটঘরিয়া, বেড়া, ফরিদপুর, নলডাঙ্গা, সলাঙ্গা, সিরাজগঞ্জ ও ভাঙ্গুরা থানায় বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে।
কবরস্থান দখল করে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে কবরস্থান দখল করে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার দুর্গাপুর গ্রামে এ মানববন্ধন হয়। স্থানীয় গ্রামবাসীর অভিযোগ সম্প্রতি দুর্গাপুর গ্রামের উত্তরপাড়া কবরস্থানের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। ফলে শত বছরের এ কবরস্থানের জায়গায় নির্মিত অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানান গ্রামবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর গ্রামের মো. শহিদ উল্ল্যাহ, দ্বীন মোহাম্মদ, আবুল খায়ের, আব্দুল আজিজ, সিরাজুল হকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের কথা জানান।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
জামালপুর প্রতিনিধি জামালপুরে সোমবার যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সেক্রেটারি মাসুম রেজা রহিম প্রমুখ।
মাদকবিরোধী সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা সরকারি মহিলা কলেজে সোমবার মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নিসরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. কামরুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে সোমবার জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া।
পল্লী বিদ্যুত্ অফিসের উঠান বৈঠক
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় পল্লী বিদ্যুত্ অফিসের উদ্যোগে সোমবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ী বাজারে নতুন লাইন স্থাপন, সংযোগ প্রদান ও দালাল টাউটদের ব্যাপারে সতর্কতা গ্রহণে জনসচেতনতামূলক এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষে নতুন সংযোগ গ্রহণকারীকে শুধুমাত্র ৪৫০ টাকা জমার মাধ্যমে সংযোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
জনসচেতনতামূলক র্যালি
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে শহরের বাসটার্মিনাল থেকে র্যালি বের হয়। শেষে আবারও বাস টার্মিনালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
নতুন সড়ক আইন সম্পর্কে লিফলেট বিতরণ
মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে নতুন সড়ক আইন সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে সোমবার লিফলেট বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নেতৃত্বে শহরের কলেজ মোড়ে মোটরসাইকেল, বাস, ট্রাক, অটোরিকশা চালকসহ সাধারণ মানুষকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতা কর্মসূচি পালন করা হয়। নতুন আইনে কি আছে এ বিষয়ে সচেতন করতে তাদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের শাস্তি দাবি
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে ছাত্রলীগ নেতা সোহেল আহম্মেদ টুটুলের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধামকোল বাজারে মানববন্ধন করে ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগ। আহত টুটুল ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। মানববন্ধনে ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক টি এম মোস্তফা জয় প্রমুখ বক্তব্য রাখেন।
গলাচিপায় ৯ দোকান ও বসতঘর পুড়ে ছাই
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপার বাদুরা বাজারে সোমবার বিকেলে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম ও গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ। ক্ষতিগ্রস্ত লতিফ মিয়া বলেন, বিকেল ৩টার দিকে গকুল সিকদারের কসমেটিকসের দোকানের সোলারের ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে। তার দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সোমবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন এমপি। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের তন্ময় প্রমুখ।
জেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা মোহনগঞ্জে টেকসই উন্নয়ন এসডিজির ষাণ্মাসিক সভা সোমবার উপজেলা কৃষি হল রুমে অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং সিপিডির সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত সভায় নেটওয়ার্কের সদস্য পাপিয়া আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়, সাংবাদিক এস এম সারোয়ার খোকন, মোশারফ হোসেন প্রমুখ।
কলেজে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহিলা ডিগ্রি কলেজে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক। পরে নবীনবরণ অনুষ্ঠিত হয়। প্রভাষক মফিজুল ইসলাম ও প্রভাষক কামরুজ্জামান মুক্তার উপস্থাপনায় অধ্যক্ষ বিমলেন্দু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ।
ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ার ৪ নম্বর গৈলা মডেল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার গৈলা বাজার মাঠ প্রাঙ্গণে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আচমত আলী মোল্লার সভাপতিত্বে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহম্মদ গাজী সম্মেলন উদ্বোধন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ।
ভূমি সপ্তাহ উদ্বোধন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জমির খাজনা সহজকরণ উপলক্ষ্যে পাইকগাছা ভূমি অফিসের উদ্যোগে সোমবার কপিলমুনিতে ভূমি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে হরিঢালী-কপিলমুনি ইউনিয়নের মানুষ যেন হয়রানি ছাড়া খাজনা দিতে পারে সেজন্য সপ্তাহব্যাপী এ কার্যক্রম চালু করেছেন পাইকগাছার সহকারী কমিশনার মো. আরাফাতুল ইসলাম।
চাষিদের মধ্যে ভুট্টা ও সরিষাবীজ বিতরণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে ও সার্বিক গ্রামীণ উন্নয়ন সংস্থার সহযোগিতায় সোমবার চাষিদের মধ্যে ভুট্টা ও সরিষাবীজ বিতরণ করা হয়েছে।
পলবান্ধা ইউনিয়ন উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৫০০ প্রান্তিক চাষির মধ্যে এ ভুট্টা ও সরিষা বীজ বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মো. শাহাদত হোসেন স্বাধীনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান কমলের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।