ঢাকায় দুই দিনের ডেনিম পণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে আজ

ডেনিম পণ্যের হাল আমলের ‘ফ্যাশন ট্রেন্ড’ সম্পর্কে সচেতন করা এবং পুরো সাপ্লাই চেইনের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীল করার লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে দুই দিনের ডেনিম পণ্যের প্রদর্শনী। প্রদর্শনীতে ডেনিম পণ্যের পাশাপাশি দেশি-বিদেশি খ্যাতনামা ডেনিম পণ্যের ফেব্রিক উত্পাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশ ডেনিম এক্সপো নামে এ প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১১তম এ আয়োজনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দায়িত্বশীলতা’। পোশাক তৈরি করার ক্ষেত্রে পরিবেশ, সমাজ ও অর্থনৈতিক প্রেক্ষাপট কতটুকু দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে, তা এবারের প্রদর্শনীতে বিশেষভাবে আলোচনায় স্থান পাবে। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, ডেনিম উত্পাদনের প্রক্রিয়া আমাদের পরিবেশ, মানুষ এবং পণ্যের ব্যবহারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা এই শিল্পের  সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব। এবারের প্রদর্শনীতে বিশ্বের ১১টি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি বিষয়ভিত্তিক বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।  প্রদর্শনী ছাড়াও একই স্থানে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম’। গার্মেন্টস খাতের সরবরাহ চেইনকে টেকসই করার উপায় নিয়ে এ আলোচনায় স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, ক্রেতা ও ব্র্যান্ডের প্রতিনিধি এবং কূটনীতিবিদরা তাদের মতামত তুলে ধরবেন।