এক বছরেরও বেশি সময়ের ব্যবধানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গতকাল সোমবার বৈঠক করেছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত আঞ্চলিক জোট আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে উভয় নেতা এই বৈঠকে বসেন বলে মুনের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, ১১ মিনিট স্থায়ী মুন ও অ্যাবের বৈঠকে উভয়ে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিকভাবে আলোচনা করেছেন। তবে তাদের এই বৈঠক থেকে সুনির্দিষ্ট কোনো ফলাফল এসেছে কি না, সে সম্পর্কে মুখপাত্র স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, উভয় নেতা জাপান-কোরিয়া সম্পর্কের ওপর গুরুত্বারোপ এবং আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের কথা বলেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের ভূমিকা নিয়ে দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার আদালত সেই সময়ের কিছু বিষয়ে জাপানের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক রায় দিলে সম্পর্কের সংকট আরো তীব্র হয়। তবে সিউল ও টোকিও উভয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশ দুটিকে অভিন্ন দুটো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর একটি পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া, অন্যটি চীনের ক্রমবর্ধমান আগ্রাসী তত্পরতা।