দুদকের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার কারামুক্তি পেতে আইনগত কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে আব্দুল লতিফ সিদ্দিকী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ঐ সময়ে মন্ত্রী থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জুট করপোরেশনের অধীনে থাকা বগুড়ার আদমদীঘির রানীনগর ক্রয় কেন্দ্রের ২ দশমিক ৩৮ একর জমি দরপত্রের বিজ্ঞপ্তি ছাড়াই বেগম জাহানারা রশিদ নামে এক নারীর কছে বিক্রির নির্দেশ দেন। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকার আর্থিক ক্ষতি হয়। এ অভিযোগে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় এই মামলা করে দুদক। এরই মধ্যে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।