সাংবাদিক ইমুর বিরুদ্ধে মামলা করায় ক্র্যাবের প্রতিবাদ

সংবাদ সম্মেলনের খবর প্রকাশের জেরে আমাদের সময় ডটকমের সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর বিরুদ্ধে মানহানির মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। একটি সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করায় ইমুর বিরুদ্ধে শিবচর গণউন্নয়ন সমবায় সমিতির এমডি আবুল হাশেম মিয়া মামলাটি করেন।

মামলা দায়েরের ঘটনায় ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকতার নীতিমালা মেনেই প্রতিবেদন লিখেছেন ইসমাঈল হুসাইন ইমু। প্রতিবেদনে সংশ্লিষ্ট সবপক্ষের বক্তব্যও উল্লেখ করেছেন। তারপরও তার বিরুদ্ধে মানহানির মামলা করা উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও ইসমাঈল হুসাইন ইমুকে পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছেন ক্র্যাব নেতৃবৃন্দ।