প্লাস্টিক পণ্য ও পলিথিন ব্যবহারের কুফল সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলা পায়ে হেঁটে ভ্রমণে বের হয়েছেন চট্টগ্রামের সন্তান ডা. বাবর আলী। ২৬ অক্টোবর উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় থেকে যাত্রা শুরু করেন। ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও বগুড়া হয়ে দশম দিনে পৌঁছেন জয়পুরহাটে। এখানে ঐতিহাসিক লাইব্রেরি ও ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। মতবিনিময় করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে। ডা. বাবর আলী সাংবাদিকদের নিকট ভ্রমণের উদ্দেশ্য বর্ণনা করেন। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করছে। এরপর প্লাস্টিক পণ্য ব্যবহার এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যা আগামী দিনের জন্য হুমকি। জাতিসংঘের এক গবেষণার কথা উল্লেখ করে ডা. বাবর আলী বলেন, আগামী ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের সংখ্যার চেয়ে প্লাস্টিক পণ্যের সংখ্যা বেশি হবে। এতে মানবজাতি মারাত্মক হুমকির মুখোমুখি হবে। প্লাস্টিক পণ্য রয়েছে ”কারসিনোজেল” নামক ক্যান্সার সৃষ্টিকারী একপ্রকার জীবাণু। সেই কারণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬৪ জেলা পায়ে হেঁটে ভ্রমণের সিদ্ধান্ত নেন বাবর আলী। পথিমধ্যে স্কুলের শিক্ষার্থীদের এবং রাস্তায় পাওয়া সাধারণ মানুষদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করছেন। ৬৪ জেলা পায়ে হেঁটে ভ্রমণে ৮০ দিন লাগবে বলে জানান বাবর আলী।