সরাইলে হত্যা মামলার আসামি ও তাদের স্বজনদের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা ও ক্ষমতাপুর গ্রামের পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবারে চলমান এ তাণ্ডবে আতঙ্ক বিরাজ করছে। এসব পরিবারের শতাধিক শিশু শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ রয়েছে। দিনে আতঙ্ক আর নির্ঘুম রাত কাটছে নারীদের। আদালত থেকে জামিন পেলেও গ্রামে প্রবেশ করতে পারছে না এসব পরিবারের লোকজন।
রবিবার সরেজমিনে ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্যের বিস্তার নিয়ে গত ১৪ সেপ্টেম্বর বুড্ডা গ্রামের বর্তমান ইউপি সদস্য অলি আহাদের লোকজনের সঙ্গে একই গ্রামের শেখ শামসু মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন শামসু মিয়া। ১৫ সেপ্টেম্বর শামসু মিয়ার ছেলে হাসান মিয়া বাদী হয়ে অলি আহাদকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা করেন।