প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল

কঠিন আবহাওয়ার মধ্যে খেলে ম্যাচ জিতে নেওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রধান ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

শুধু সৌরভ নন; ভারতের ক্রিকেট বোদ্ধা সবার কণ্ঠে এখন বাংলাদেশের প্রশংসা। টুইটার, ফেসবুকে একের পর এক অভিনন্দনবার্তা প্রকাশ হচ্ছে। দিল্লির কঠিন আবহাওয়ায় ভারতীয় দলের সঙ্গে লড়াই, অরুণ জেটলি স্টেডিয়ামের ভরা গ্যালারির সামনে বাংলাদেশ দলের রুখে দাঁড়ানো এবং শেষ পর্যন্ত ভারতকে ৭ উইকেটে হারিয়ে দেওয়া; এ সবই মুগ্ধ করেছে ভারতীয় সমালোচকদের। নিজেদের পরাজয়ের জন্য ক্রুনাল পান্ডিয়ার ক্যাচ মিস ও খলিল আহমেদের টানা চারটি বাউন্ডারি হজমকে দোষ দিচ্ছেন ভারতীয়রা। সেই সঙ্গে প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দল, বিশেষ করে মুশফিকুর রহিমকে।

বাংলাদেশের বিজয়ের পর বিসিসিআই সভাপতি সৌরভ টুইটারে লিখেছেন, ‘দুই দলকেই ধন্যবাদ কঠিন কন্ডিশনে খেলার জন্য। ওয়েল ডান বাংলাদেশ।’

বাংলাদেশের খেলার সবসময়ই ইতিবাচক সমালোচনা করা ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেন, ‘ম্যাচ জয়ের জন্য বিসিবি টাইগারদের অভিনন্দন। দুর্দান্ত ইনিংস মুশফিকের। আমি নিশ্চিত ভারতের তরুণ খেলোয়াড়রা এখান থেকে শিক্ষা লাভ করবে এবং দৃঢ়ভাবে ফিরে আসবে।’

ক্রিকেট বিশেষজ্ঞ মোহন দাস মেনন লিখেছেন, ‘আমি সবসময় ভাবছি—কেন মুশফিকুর রহিম আইপিএলে নেই। এই মানুষটি এই ফরম্যাটের জন্য নিখুঁত।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই জয়কে দারুণ এক দলীয় পারফরম্যান্স উল্লেখ করে লিখেছেন, ‘অভিনন্দন। মুশফিক সত্যিই দুর্দান্ত। গ্রেট এফোর্ট এবং দারুণ টিম ওয়ার্ক। আশা করি, এটা বজায় থাকবে।’

নিষেধাজ্ঞার কারণে এই সিরিজসহ এক বছরের জন্য জাতীয় দল থেকে দূরে আছেন সাকিব আল হাসান। তিনিও দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত?

মুশফিকের দারুণ প্রশংসা করে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেছেন, ‘অন্যদের তুলনায় ভারতের বিপক্ষে মুশফিকের গড় সবচেয়ে ভালো। মুশফিক আজ (রবিবার) ফিনিশার হিসেবে নতুন মাইলস্টোনে পৌঁছাতে পেরেছেন।’

বাংলাদেশ দলের এই জয় যে একেবারেই অঘটন নয়, সেটা বারবার বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশ এখন অনেক বদলে যাওয়া একটা দল, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ খুব ভালো খেলছে। ওরা এখন অনেক বদলে গেছে। আমরা দেখেছি, ওরা কেবল নিজেদের দেশেই নয়, যখন বাইরে খেলতে গেছে, তখনো ভালো পারফরম করেছে, বিশেষ করে আমাদের বিপক্ষে। ওরা সব সময় আমাদের চাপে ফেলে দেয়।’

বাংলাদেশ এই সিরিজ খেলছে সাকিব ও তামিমকে ছাড়াই। সেটা উল্লেখ করে রোহিত বলেছেন, এই দল এখন অনেক পরিপক্ব, ‘ওদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত। তবে এর পরও ওদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, যারা যে কোনো দলের বিপক্ষে অঘটন ঘটাতে পারে। অঘটন বলব না, আমি বলব ওরা আমাদের হারাতে পারে। ওদের দলে এখন অনেক পরিণত ক্রিকেটার, লম্বা সময় ধরে খেলছে।’