বিতর্কিতরা আওয়ামী লীগে কোনো পদ পাবে না :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিতর্কিতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কোনো পদে আসতে পারবেন না। গতকাল সোমবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের জন্য নির্মাণাধীন সভা মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘যারা বিতর্কিত, যারা অনুপ্রবেশকারী, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট এবং নানা কারণে বিতর্কিত তাদের আওয়ামী লীগের কোনো কমিটিতে আনা হবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব কমিটি করার ক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন। তবে সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। এ ক্ষেত্রে অভিজ্ঞদের বিষয়টা বিবেচনা করা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আগামী দুই-এক দিনের মধ্যেই দুই মহানগরের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। তবে ১৫ ডিসেম্বরের আগেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কারণ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর। বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তারা যদি সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে চায়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তা আমরা করব।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ নেতা মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।