প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাত্, ব্যবসায়ী গ্রেফতার

প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ হোসেন লস্করকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার নগরীর নূরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৯ আগস্ট জুনায়েদ হোসেন লস্করকে আসামি করে মামলা করে দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। জুনায়েদ হোসেন সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত শাহাদাত হোসেন লস্করের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীলকমল পাল জানান, ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনায়েদ হোসেন লস্করের মালিকানাধীন প্রতিষ্ঠান লস্কর ট্রেডার্সের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত সেই ঋণ সুদ-আসলে ১০ কোটি ২৪ লাখে দাঁড়িয়েছে। এই পুরো টাকাই তিনি আত্মসাত্ করেছেন। উল্লেখ্য, লস্কর গ্রুপের এসপি গোল্ডেন লাইন নামের পরিবহন রয়েছে।