আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আকার বাড়ার সম্ভাবনা কম

আসন্ন জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আকার বাড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ২১তম জাতীয় সম্মেলনের লক্ষ্যে গঠিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটির নেতারা। গতকাল সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিসে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, এটা নিয়ে আলোচনা চলছে, প্রস্তাবনাও এসেছে। যা এই মুহূর্তে বলা যাবে না। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সম্ভাবনা খুবই কম।

আব্দুর রাজ্জাক আরো বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা সব সময় সময়োপযোগী ও আধুনিক গঠনতন্ত্র করতে চাই। সারা পৃথিবীতে যে সকল ধারা পরিবর্তন হচ্ছে, সেগুলোর দিকে দৃষ্টি রেখে আমরা সংগঠনকে আরো গতিশীল এবং যুগোপযোগী করার চেষ্টা করি। কমিটির সদস্যরা অনেকগুলো সংশোধনী এনেছেন, সেগুলো বিবেচনার জন্য আমরা আলোচনা করেছি। আমরা সবাইকে প্রস্তাবগুলো লিখিত আকারে দেওয়ার জন্য বলেছি, পরবর্তী মিটিংয়ে আরো আলোচনা করা হবে। এরই মধ্যে আমরা একটি চিঠি দিয়েছি সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে দলের নেতৃবৃন্দের কাছে। এতে বলা হয়েছে, আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য যদি তাদের কোনো সুপারিশ বা মতামত থাকে তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে দিতে পারে। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকেও অনুরোধ করেছি ৩০ নভেম্বরের মধ্যে তাদের সুপারিশ বা মতামত দিতে। আমরা সুপারিশগুলো কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করব। তার পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা মতামত দেবেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আবদুল মতিন খসরু, ড. মসিউর রহমান, সদস্য আজমত উল্লা, খালিদ মাহমুদ চৌধুরী, আখতারুজ্জামান, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন ও সেলিম মাহমুদসহ কমিটির সদস্যরা। সভা পরিচালনা করেন গঠনতন্ত্র উপ-কমিটির সদস্য সচিব আফজাল হোসেন।