আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রায় ১১ হাজার বিনিয়োগকারীর ৩০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সঙ্গে সম্পদ আত্মসাত্ করার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির ‘আমানতকারী স্বার্থ সংরক্ষণ আহ্বায়ক কমিটি’ নামে বিনিয়োগকারীদের একটি অংশ গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা তাদের বিনিয়োগকৃত অর্থ উদ্ধারে উদ্যোগ নিতে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকের কাছে দাবি জানিয়েছেন। এ সময় তারা মহাপরিচালকের সঙ্গে সাক্ষাত্ করে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে আগামী ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনেও ফের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অবস্থান কর্মসূচি শেষে বিনিয়োগকারী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য রফিকুল ইসলাম রানা ইত্তেফাককে বলেন, এ সমস্যা গত তিন মাস ধরে চলছে। তবে দেড় বছর থেকে অবস্থা খুবই নাজুক। কোনো লভ্যাংশ দিচ্ছে না। বিনিয়োগকৃত টাকাও ফেরত পাওয়া যাচ্ছে না। গত পাচ মাস ধরে অফিস বন্ধ। এসব সমস্যার জন্য বর্তমানে কারারুদ্ধ চেয়ারম্যান তাজুল ইসলামকে দায়ী করা হয়। তিনি বলেন, বিনিয়োগকারীরা এখন পথের ভিখারি।
সমবায় অধিদপ্তরের ডিজির কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, বর্তমান চেয়ারম্যান নামধারী তাজুল ইসলামসহ অন্যদের দুর্নীতির কারণে মানুষ কোনো লভ্যাংশ পাচ্ছে না। প্রতিষ্ঠানের নামে যেসব সম্পত্তি রয়েছে, সেগুলোও গ্রাস করে চলেছে। প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরতে উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়।