তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, ঢাকার সাবেক মেয়র ও সংসদ সদস্য খোকার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।
পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন খোকা। এর মধ্যে দুর্নীতির মামলায় তার সাজাও হয়। বিদেশে থাকা অবস্থায় ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আর পাসপোর্ট পাননি বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় খোকা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানান বিএনপি নেতারা। খোকার লাশ দেশে আনা নিয়ে কোনো সমস্যা রয়েছে কি না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, তিনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রবিবারই বলা হয়। তাকে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ও হবে, সে ঘোষণা তো আগেই দেওয়া হয়েছিল।