রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বিকালে ডুয়েটের মূল ফটকের সামনে এ মানববন্ধনকালে বক্তব্য রাখেন ছাত্রলীগ ডুয়েট শাখার সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জি, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম, হারুন-অর-রশিদ ও মাজেদ পারভেজ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরফিনা খাতুন ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা অধ্যক্ষকে লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করাসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদ ডুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন। গত ২ নভেম্বর দুপুরে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে অধ্যক্ষ ফরিদউদ্দিনকে ঐ প্রতিষ্ঠানের বখাটে কিছু শিক্ষার্থী তুলে নিয়ে পুকুরে ফেলে দেয়।