পরিবেশ দূষণ

গাজীপুরে দুই কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, ভোগড়া এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তরল বর্জ্য বাইপাস করে সরাসরি ড্রেনে নির্গমন করার দায়ে উইন্ডি ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেস লিমিটেডকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটিপি ছাড়া ওয়াশিংয়ের বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে ট্রপিকাল ওয়াশিং লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, কারখানা দুটি তাদের তরল বর্জ্য দ্বারা পরিবেশের ক্ষতি করে আসছে। পরিবেশ দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক দিলরুবা আক্তার প্রমুখ।