>> জসিম উদ্দিন
প্রকৃতির সবচেয়ে বড় সম্পদ গাছ। গাছ মানুষের পরম বন্ধু। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাছের অপরিসীম ভূমিকা রয়েছে। গাছের গুরুত্ব রয়েছে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায়। তবে ক্রমেই আমরা এই গাছের ক্ষতি করছি। বিভিন্নভাবে প্রাকৃতিক রোগ ও মানুষ্য সৃষ্ট কারণে গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে গাছের রোগ প্রতিরোধ করা যায়, কিভাবে গাছের প্রয়োজনীয়তা মানুষকে উপলব্ধি করানো যায় এই নিয়ে কাজ শুরু করেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থী কৃষিবিদ মো. নাজমুল হাসান। বিজ্ঞানী জগদীস চন্দ্র বসুর অমর বাণী গাছেরও প্রাণ আছে এ বিষয় নিয়ে কাজ শুরু করেন তিনি।
আর এ রকম কাজের জন্য তিনি একজন ‘গাছের ডাক্তার’ নামে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। গাছের ডাক্তার হলেন তারাই, যারা মানুষের ডাক্তারদের মতো গাছের খুটিনাটি থেকে শুরু করে গাছের পরিচর্যা, রোগ-বালাই, বপন ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন।
এইরকম কাজের শুরুটা কিভাবে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘আমি যখন বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়ি, তখন বিভিন্ন রোগাক্রান্ত গাছ দেখতে পাই। দেশে মানুষ কিংবা পশুপাখির অসুখ হলে আমরা সচরাচর চিকিত্সকের শরণাপন্ন হই। ছুটে যাই হাসপাতাল কিংবা ক্লিনিকে। মানুষ-পশুপাখির জন্য এদেশে হাসপাতাল, ক্লিনিক গড়ে উঠলেও গাছগাছালির রোগব্যাধি নিরাময়ের জন্য নেই কোনো হাসপাতাল কিংবা গাছের ডাক্তার। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমি গবেষণালব্ধ জ্ঞান থেকে গাছের পরিচর্যার কাজের জন্য একটি টিম গঠন করি।’ টিমের অন্য সদস্যরা হলেন অমিত কুমার, সানাউল্লাহ, মো. মাহফুযুল হাসান লুকাস, মনি, মৃণ্ময় কুণ্ড, আরাফাত জাহান মিমি, মিতা সাহা পূজা, খাদিজাতুল কোবরা ও ফারহানা আফরোজ। তারা জানায়, বাংলাদেশে প্রথমবারের মতো আমরা এই পদক্ষেপ গ্রহণ করি। বাইরের দেশে গাছের পরিচর্যার জন্য বিভিন্ন অনলাইন প্রযুক্তিভিত্তিক টিম রয়েছে। কিন্তু আমাদের দেশে এমন কোনো ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী শিক্ষার্থীদের নিয়ে প্লান্টস ডক্টর বা গাছের ডাক্তার নামে গড়ে তুলেছেন একটি অনলাইন প্ল্যাটফর্ম। গাছের ডাক্তার নামে ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট তৈরি করে সকলের মাঝে ‘কৃষি তথ্যের ফেরিওয়ালা’ হিসাবে হয়ে উঠেছেন বেশ জনপ্রিয়। বিশেষ করে ছাদ-বাগানীদের কাছে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। গাছ সম্পর্কিত যেকোনো সমস্যা নিয়ে ফেসবুক গ্রুপ বা পেজে পোস্ট দিলেই মিলছে সমাধান তাদের কাছ থেকে।