কম দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করায় জরিমানা

পেঁয়াজ বিক্রিতে অনিয়মের অভিযোগে কুমিল্লায় পাঁচ দোকানীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এই জরিমানা করে। মঙ্গলবার নগরীর রাণীর বাজার ও টমছমব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি জানান, পেঁয়াজ ও অন্যান্য নিত্যপণ্যের বাজার দর যাচাই করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর রাণীর বাজার ও টমছমব্রিজ বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

এর মধ্যে ১০৯ টাকায় কেনা পেঁয়াজ ১৩০ টাকা লিখে রাখায় মেসার্স মা ডিপার্টমেন্টাল স্টোরকে ৪ হাজার টাকা, মূল্য না লেখায় মেসার্স দেলোয়ার স্টোরকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় মেসার্স মদিনা স্টোরকে ৫ হাজার টাকা, একই অভিযোগে ফাহাদ স্টোরকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকাসহ দুই বাজারের পাঁচ দোকানীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ, জেলা পুলিশের একটি টিম এবং স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

ইত্তেফাক/জেডএইচ